২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে আলাদা সড়কে ঝরল ২ প্রাণ

দুর্ঘটনায় একজন বাস চাপায় এবং অন্যজন অটোরিকশার ধাক্কায় প্রাণ হারান।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 04:00 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

লক্ষ্মীপুর সদর ও রায়পুর উপজেলা আলাদা সড়কে এক যুবকসহ দুইজন নিহত হয়েছেন। 

সোমবার দুপুরে উপজেলার শাকচর ইউনিয়নের আবুলের গোজা এবং রায়পুর মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।

নিহতরা হলেন- আনোয়ার হোসেন (৫৫) ও রাকিব হোসেন (২৪)। রাকিব সদর উপজেলার শাকচর এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। আনোয়ার রায়পুরের চরপাতা এলাকার বাসিন্দা ও টিউবওয়েল মিস্ত্রি। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লক্ষ্মীপুর থেকে একটি বাস মজুচৌধুরীর হাটের দিকে যাচ্ছিল। এ ছাড়া রাকিব মোটরসাইকেল নিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। পথে বাসটিকে সাইট নিতে গিয়ে নিচে চাপা পড়েন রাকিব।

এতে ঘটনাস্থলেই মারা যান রাকিব। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ রেজাউল হক বলেন, রাকিবের মৃত্যুর ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, আনোয়ার বাইসাইকেল চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন। পথে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে তিনি আহত হন। পরে আনোয়ারকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।