২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপুরায় হবিগঞ্জের তিনজনকে হত্যার অভিযোগ, লাশ হস্তান্তর

বিজিবি-৫৫ অধিনায়ক বলেন, মঙ্গলবার সকালের দিকে তিনজন একসঙ্গে বিড়ির পাতা সংগ্রহের জন্য পাহাড়ে যান।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2025, 08:27 PM

Updated : 26 Aug 2026, 02:29 PM

ভারতের ত্রিপুরা রাজ্যে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার তিনজনকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।  

বৃহস্পতিবার সন্ধ্যায় চুনারুঘাট উপজেলার কেদারাঘাট সীমান্ত দিয়ে বিএসএফ তাদের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে। 

এ সময় ত্রিপুরার খোয়াই থানার ওসি কৃষ্ণ ধন সরকার এবং চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। 

নিহতরা হলেন- চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের পণ্ডিত মিয়া, কবিলাসপুর গ্রামের সজল মিয়া এবং আলীনগর গ্রামের জুয়েল মিয়া। 

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, “বিএসএফ প্রত্যেকের মরদেহ হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের লোকজনকে বুঝিয়ে দেওয়া হবে।” 

বিজিবি-৫৫ হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকালের দিকে তিনজন একসঙ্গে বিড়ির পাতা সংগ্রহের জন্য পাহাড়ে যান। এক পর্যায়ে তারা ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকার কারেঙ্গিছড়া এলাকায় প্রবেশ করেন। 

তিনি বলেন, “এলাকাটি ভারতের বিএসএফ-৭০ ব্যাটালিয়নের আওতাধীন। পরে চোর সন্দেহে সেখানকার লোকজন তাদেরকে গণপিটুনি ও তীর মেরে হত্যা করে।”

বুধবার এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায়। পরে পরিবার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সীমান্ত বাহিনীর তা নজরে আসে।  

নিহত পণ্ডিত মিয়ার স্ত্রী রুজিনা আক্তার বলেন, “আমি ফেইসবুকে দেখে জানতে পেরেছি। তিনি বিড়ির পাতা আনার জন্য পাহাড়ে ওঠেছিলেন। কিভাবে ভারতে গেলেন বুঝতে পারছি না। আমার স্বামীসহ তিনজনকে তীর মেরে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। বিজিবি লাশ উদ্ধার করেছে। পরে আমাদেরকে বুঝিয়ে দেবে বলে জানিয়েছে।”