টাঙ্গাইলে বিলে গোসলে নেমে প্রাণ গেল দাদি-নাতনির
দুই দিন আগে তারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে ঘুরতে এসেছিলেন বলে জানান ইউপি সদস্য।
টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বিলে গোসলে নেমে দাদি ও নাতনির মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া উত্তরপাড়া এলাকার মরাবিলে এ ঘটনা ঘটে বলে জানান কাউলজানী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য রানা হামিদ লিটন।
নিহতরা হলেন- উত্তরপাড়া এলাকার খসরু মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫৫) এবং তার নাতনি খাদিজা (১২)।
পরিবারের বরাতে ইউপি সদস্য রানা হামিদ বলেন, দুই দিন আগে সুফিয়া বেগম পরিবার নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে ঘুরতে আসেন। দুপুরের দিকে সুফিয়া বেগম তার দুই নাতনিকে সঙ্গে নিয়ে মরাবিলের পাড়ে পানি দেখতে যান।
এ সময় সুফিয়া বেগম তার এক নাতনি নিয়ে বিলে গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে ডুবে যান। পাশেই পিকনিকের নৌকার লোকজন তাদের দেখতে পেয়ে ডাকচিৎকার করেন।
পরে পিকনিকের নৌকার লোকজন তাদের উদ্ধার করে বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান ইউপি সদস্য।
বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসক এস এম রাফিউর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে স্বজনরা লাশ নিয়ে গেছেন।
