ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাইকের সংঘর্ষ, ছাত্রদল কর্মীসহ নিহত ২
এ ঘটনায় নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতিসহ দুজন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকালে নবীনগর-রাধিকা সড়কের নারুই এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নবীনগর উপজেলার শ্যামগ্রাম এলাকার রফিক মিয়ার ছেলে রাব্বি (২১) ও দড়ি শ্রীরামপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২২)। এরমধ্যে রাব্বি ছাত্রদলের কর্মী ছিলেন।
এ ঘটনায় নবীনগর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ইয়াছিন আরাফাত রিমন (২৭) ও মাসুম (২৫) নামে দুজন আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, রিমন মোটরসাইকেলে রাব্বিকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরের দিকে আসছিলেন। নারুইয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়।
নবীনগর থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।”
