Published : 28 Jun 2026, 05:14 PM
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার জেলা প্রশাসক-ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যা এ জেলার ইতিহাসে প্রথম।
সেইসঙ্গে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার বদলি ও পদায়নের আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোজী আকতারের নিয়োগের মাধ্যমে কুমিল্লা জেলায় প্রথম নারী জেলা প্রশাসক পেতে যাচ্ছেন। তার নিয়োগকে কেন্দ্র করে এর মধ্যে জেলার প্রশাসনিক অঙ্গনসহ বিভিন্ন মহলে আগ্রহ ও ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়নের সিদ্ধান্ত কার্যকর করা হয়। নতুন দায়িত্বে যোগদানের পর তিনি কুমিল্লা জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।
কুমিল্লার বিদায়ী জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেট জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়ায় তার নতুন কর্মস্থলের জন্য বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।