Published : 16 Jun 2026, 11:41 PM
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
কেন্দুয়া থানার ওসি মো. মেহেদী মাকসুদ বলেন, সোমবার রাতে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেছেন।
আসামি হেলাল উদ্দীন ওরফে হাফিজুর রহমান (৩০) দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া রামনগর গ্রামের বাসিন্দা। তিনি কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের একটি মাদ্রাসার মোহতামিম।
মামলায় বলা হয়েছে, ১২ জুন দুপুরে শিক্ষার্থী টয়লেট থেকে দেরিতে ফিরলে তার মায়ের সন্দেহ হয়। তিনি ছেলেকে জিজ্ঞাসাবাদ করেন। তখন ছেলে মাকে ধর্ষণের বিষয়টি জানায়। শিশুটির মা মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে এ নিয়ে অভিযোগ করেন।
মামলায় বলা হয়েছে, শিশুটিকে ছয়-সাত মাস ধরে ধর্ষণ করা হয়।
সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে রাতে মামলা হয়।
মাদ্রাসার পরিচালক আনিসুজ্জামান সিদ্দিক রেনু বলেন, “ওই শিক্ষক ১২ বছর ধরে মাদ্রাসায় চাকরি করছেন। তার বিষয়ে আগে কেউ এ ধরনের অভিযোগ তুলেনি। ঘটনা সত্য হলে আমরা তার দৃষ্টান্তমূলক বিচার চাই।”
ওসি মেহেদী মাকসুদ বলেন, “প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”