২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উখিয়ার ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ‘আরসার’ ৪ সদস্য আটক

আরসা সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালিয়ে চারটি হ্যান্ডগ্রেনেড, দেশীয় তৈরি সাতটি বন্দুক উদ্ধারের খবর জানায় এপিবিএন।

উখিয়ার ক্যাম্প থেকে অস্ত্র-গুলিসহ ‘আরসার’ ৪ সদস্য আটক
উখিয়ার জমতলীর ১৫ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে চারজনকে আটক করে এপিবিএন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2024, 01:19 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি-আরসার চার সদস্যকে বেশ কিছু অস্ত্র ও গুলিসহ আটকের খবর জানিয়েছে এপিবিএন।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, রোববার ভোররাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এস-১/বি-৭ ব্লকের কাঁটাতারের সীমানার বাইরে গঁইয়াম বাগানে এ অভিযান চালানো হয়।

আটকরা হলেন-উখিয়া উপজেলার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৮১ ব্লকের দ্বীন মোহাম্মদের ছেলে আমির হোসেন (২৯), একই ক্যাম্পের এইচ-১০০ ব্লকের ফজল করিমের ছেলে জিয়াউর রহমান (৩২), উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৪ ব্লকের আব্দুস সালামের ছেলে সৈয়দুল আমিন (৩০) এবং ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১ ব্লকের বাদশা মিয়ার ছেলে মো. হারুন (২২)।

এপিবিএনের সহ-অধিনায়কের ভাষ্য, আটকরা মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরসার সদস্য এবং তাদের বিরুদ্ধে হত্যা, অপহরণ, অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আরেফিন জুয়েল বলেন, “২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে জড়ো হয়েছে খবরে এপিবিএন পুলিশের একাধিক দল সাঁড়াশি অভিযান চালায়। এ সময় অস্ত্রধারীরা এপিবিএন সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে; আত্মরক্ষার্থে তারাও পাল্টা গুলি ছোড়ে। গোলাগুলির এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় এপিবিএন সদস্যরা আরসার চারজন সদস্যকে আটক করে।

“ পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী, আরসা সন্ত্রাসীদের আস্তানায় তল্লাশি চালিয়ে চারটি হ্যান্ডগ্রেনেড, দেশীয় তৈরি সাতটি বন্দুক, চার্জারসহ দুটি ওয়াকিটকি, নয়টি গুলি, হ্যান্ডগ্রেনেডে ব্যবহৃত দুই প্যাকেট লোহার বল, দুটি কিরিচ দা ও কয়েকটি হেলমেট উদ্ধার করা হয়।”

অভিযানের বিষয়ে বিস্তারিত তথ্য বিকালে ১৪ এপিবিএন কার্যালয়ে সংবাদ সম্মেলনে গণমাধ্যমের কাছে জানানো হবে বলে জানান পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান।