২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িয়ে পাওয়া টাকাভর্তি ‘মানিব্যাগ’ মালিককে ফিরিয়ে দিলেন পুলিশ সদস্য

নীলফামারীর সৈয়দপুরে পাওয়া মানিব্যাগটিতে ১৯ হাজার ৫০০ টাকা ছিল।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2026, 07:19 PM

Updated : 26 Aug 2026, 03:17 PM

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় কুড়িয়ে পাওয়া টাকাভর্তি একটি মানিব্যাগ মালিককে ফিরিয়ে দিয়েছেন এক পুলিশ কনস্টেবল। মানিব্যাগটিতে ১৯ হাজার ৫০০ টাকা ছিল। 

মঙ্গলবার বিকালে মানিব্যাগের প্রকৃত মালিককে সৈয়দপুর থানায় ডেকে এটি হস্তান্তর করা হয় বলে জানান এ থানার ওসি রেজাউল করিম রেজা।

হারিয়ে যাওয়া মানিব্যাগ দ্রুততম সময়ে ফেরে পেয়ে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ব্যবসায়ী আলমগীর হোসেন।

এদিন দুপুরে সৈয়দপুর থেকে নীলফামারীর দিকে যাচ্ছিলেন পুলিশ কনস্টেবল ফজলুল হক। এ সময় ঢেলাপীর বাজার এলাকায় একটি টাকাভর্তি মানিব্যাগ কুড়িয়ে পান তিনি। পরে মানিব্যাগে থাকা মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র থেকে মালিক আলমগীর হোসেনকে এটি ফিরিয়ে দেওয়া হয়।

পুলিশ কনস্টেবল ফজলুল হক বলেন, “মানিব্যাগে থাকা কাগজপত্র দিয়ে মালিকের পরিচয় শনাক্ত করে তাকে ফোন দিয়ে থানায় ডেকে সবকিছু বুঝিয়ে দেই। মানিব্যাগে ১৯ হাজার ৫০০ টাকা ছিল।”

আলমগীর হোসেন বলেন, “সমাজে সত্যি সত্যি এখনও সৎ এবং মানবিক মানুষ আছে। মানিব্যাগে টাকা থেকে শুরু করে অনেকে গুরুত্বপূর্ণ কাগজ ছিল। টাকার সমস্যাটা বেশি না হলেও মানিব্যাগে থাকা ডকুমেন্টসগুলোর জন্য বেশ ভোগান্তি পোহাতে হত। আল্লাহ রহমত যে মানিব্যাগটি একজন পুলিশ সদস্য পেয়েছেন।”

গুরুত্বপূর্ণ নথিপত্র ও অর্থ ফেরত পেয়ে পুলিশ সদস্য ফজলুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

পুলিশ সদস্য ফজলুল হকের এমন কাজের প্রশংসা করেছেন ওসি রেজাউল করিম রেজা।