শাকসু নির্বাচন: ‘সাধারণের ঐক্যস্বর’ নামে প্যানেল ঘোষণা
আগামী ২০ জানুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ-শাকসু নির্বাচনে ‘সাধারণের ঐক্যস্বর’ নামে প্যানেল ঘোষণা করেছেন স্বতন্ত্র প্রার্থীদের একটি অংশ।
শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এক সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করেন পেট্রোলিয়াম ও খনি প্রকৌশল বিভাগের শিক্ষার্থী মুহয়ী শারদ।
এ প্যানেলে সহসভাপতি (ভিপি) পদে ২০২০-২১ শিক্ষাবর্ষের মুহয়ী শারদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে একই শিক্ষাবর্ষে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মোহাম্মদ সাইফুর রহমান সিফাত, সহসাধারণ সম্পাদক পদে ২০২১-২২ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের হাফিজুর ইসলাম হাফিজ প্রার্থী হয়েছেন।
এ ছাড়া সহ-ক্রীড়া সম্পাদক পদে পলিটিকাল স্টাডিস বিভাগের মো. মাসুদ শাহরিয়ার, সমাজসেবা সম্পাদক পদে পরিসংখ্যান বিভাগের তাকভীর আহাম্মদ, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে অর্থনীতি বিভাগের সুইটি আক্তার, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে পুর ও পরিবেশ প্রকৌশল বিভাগের মো. হানিফ হাসান নিশান, শিক্ষা-গবেষণা ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক পদে তড়িৎ প্রকৌশল বিভাগের মো. রবিউল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ফাহমিদ হাসান তুহিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলিটিকাল স্টাডিস বিভাগের মো. আরমান হোসেন ইমন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে অর্থনীতি বিভাগের তাছমিমা মাহফুজ জেরিন এবং পরিবহন সম্পাদক পদে রসায়ন বিভাগের মো. জুবায়ের হোসেন সায়েম নির্বাচন করবেন।
সদস্য পদে প্রার্থী হয়েছেন- নৃবিজ্ঞান বিভাগের রাকিব হাসান, সমাজবিজ্ঞান বিভাগের আকাশ দাস, নৃবিজ্ঞান বিভাগের নাজমুস সাকিব, ব্যবসায় প্রশাসন বিভাগের তাহমিদুর রহমান তুহিন এবং লোক প্রশাসন বিভাগের মো. এহসানুল হক মিলন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় শাকসু নির্বাচনি ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
তথ্য অনুযায়ী, কেন্দ্রীয় সংসদে ৯৭ প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহসভাপতি (ভিপি) পদে চারজন, সাধারণ সম্পাদক (জিএস) পদে সাতজন ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তফসিল অনুযায়ী, ২৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা পুনঃপ্রকাশ করা হয়। ২৯ নভেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত খসড়া ভোটার তালিকায় আপত্তি গ্রহণ করা হবে। এরপর ১ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়।
২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ এবং ৩ ডিসেম্বর একই সময়ে মনোনয়নপত্র বিতরণ ও জমা নেওয়া হয়। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল ৪ ডিসেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত।
আগামী ২০ জানুয়ারি শাকসু ও হল সংসদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে; যা চলবে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
