২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতার লোভে বারবার ভুয়া ভোট করেছিল আওয়ামী লীগ: মঈন খান

পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 08:23 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বারবার ভুয়া ভোট করেছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান।

তিনি বলেছেন, “আওয়ামী লীগ ক্ষমতার লোভে দেশে একের পর এক ভুয়া ভোট করেছিল। তাদের স্লোগান ছিল ‘আমার ভোট, আমি দেব, দিনের ভোট রাতে দেব’।” 

বুধবার বিকালে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, “বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু স্বৈরশাসক আওয়ামী লীগ সেই গণতন্ত্র নষ্ট করে দিয়েছে। গত বছরের ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী দু:শাসনের পতন হওয়ার পর হারানো গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে মানুষ।”

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, “ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তা যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। এর মাধ্যমে জণগণের সরকার প্রতিষ্ঠা করে হারানো গণতন্ত্র যেন পুনরুদ্ধার হয়।”

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক নেছার খান, শ্রমিক দলের সভাপতি আল-আমিন ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসেন সোহেল।

এর আগে আব্দুল মঈন খান পলাশ উপজেলা প্রেস ক্লাবের কার্যালয় উদ্বোধন করেন এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।