ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
কুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে বলে নাসিরনগর থানার ওসি খাইরুল আলম জানান।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজলার কুণ্ডা ইউনিয়নের কুণ্ডা গ্রামে এ ঘটনা ঘটে বলে নাসিরনগর থানার ওসি খাইরুল আলম জানান।
নিহতরা হল- কুণ্ডা গ্রামের মো. মাফিকুল মিয়ার মেয়ে তাছমিয়া আক্তার (৩) এবং উপজলার চাতলপাড় ইউনিয়নর ধানতলিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে তোরা নূর (৩)।
তাছমিয়া ও তোরা নূর আপন খালাত বোন। তোরা নূর তার খালার বাড়িতে বেড়াতে এসেছিল।
পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, দুই শিশু দুপুরে বাড়ির পাশে পুকুর পাড়ে খেলা করছিল। তখন তাছমিয়ার মা গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। কিছুক্ষণ পর দুজনকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। এলাকায় মাইকিং করা হয়।
কিছু পরেই পুকুরে দুই শিশুর নিথর দেহ ভেসে ওঠে। দ্রুত নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে চিকিৎসক সাইফুল ইসলাম তাদের মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ওসি খাইরুল আলম বলেন, বিষয়টি পুলিশকে স্থানীয়রা অবহিত করেছে।
