পাবনায় বিএনপির দুপক্ষে সমাবেশ ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা
দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত সাগিরকান্দি বাজার, খলিলপুর, শ্যামগঞ্জ এবং তালিমনগরে ১৪৪ ধরা জারি করা হয়েছে।
পাবনার সুজানগর উপজেলায় একই স্থানে একই সময়ে বিএনপির দুটি পক্ষ সমাবেশ ডাকায় বিশৃঙ্খলা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
সোমবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত উপজেলার সাগিরকান্দি বাজার, খলিলপুর, শ্যামগঞ্জ এবং তালিমনগরে ১৪৪ ধরা জারি করা হয়েছে বলে সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ জানান।
স্থানীয়রা জানান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুস সালাম মোল্লা এবং যুবদল নেতা তরিকুল ইসলামের সমর্থকরা সাগিরকান্দি বাজারে পাল্টাপাল্টি সমাবেশের ডাক দেন। এই নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সেখানে এই দুপক্ষের মধ্যে একাধিকবার মারামারি ঘটনাও ঘটেছে।
ইউএনও মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, “দুইদিন আগেও সেখানে সংঘর্ষের মতো ঘটনা ঘটেছে। সমাবেশ ঘিরে স্থানীয়ভাবে একটি জটিলতা তৈরি হয়েছে, সেখানে জননিরাপত্তার হুমকি আছে, তাই সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।”
তবে এ বিষয়ে কথা বলতে সালাম ও তরিকুলের মোবাইলে কল করলেও তা বন্ধ পাওয়া যায়।
