১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নাটোরের স্কুলছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার, ৪ বন্ধু আটক

বৃহস্পতিবার বিকালে হিমেল তার বাইসাইকেল নিয়ে বের হলেও আর বাড়ি ফেরেননি।

নাটোরের স্কুলছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার, ৪ বন্ধু আটক

হিমেল সরদার।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2024, 01:46 PM

Updated : 29 Mar 2024, 01:46 PM

নাটোরের নলডাঙ্গায় উপজেলায় পরিত্যক্ত ভবনের ঘর থেকে এক স্কুল ছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার চার বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার পিপরুল ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন নলডাঙ্গা থানার ওসি মোহা. মোনোয়ারুজ্জামান। 

নিহত হিমেল সরদার (১৫) নলডাঙ্গার পিপরুল এলাকার টিসিবির ডিলার ফারুক সরদারের ছেলে ও পাটুল-হাপানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

আটক চার কিশোরও ওই এলাকার বাসিন্দা। 

হিমেলের বাবা ফারুক সরদার বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে হিমেল তার বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। 

“কিন্তু ইফতারের সময় হয়ে গেলেও হিমেল বাড়িতে না ফেরায় খোঁজাখুজি শুরু করি। অনেক খোঁজাখুজির পরও সন্ধান না পেয়ে আমরা ঘটনাটি পুলিশকে জানাই।” 

Image

হিমেলের লাশ উদ্ধারের খবরে তার বাড়িতে স্বজন ও প্রতিবেশিদের ভিড়।

এ ব্যাপারে ওসি মনোয়ারুজ্জামান বলেন, নিখোঁজ হিমেলের মোবাইল ফোনের সূত্র ধরে তার এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তার দেওয়া তথ্যমতে রাত দেড়টার দিকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় হিমেলের মরদেহ উদ্ধার করা হয়। 

পরে হিমেলের আরও তিন বন্ধুকে তাদের বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

হিমেলের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।