গাইবান্ধায় ট্রাকচাপায় ইজিবাইকের ৩ যাত্রী নিহত
এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় ইজিবাইকের তিন যাত্রীর প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কে উপজেলার মৌসুমী পাম্পের সামনে এ ঘটনা ঘটে বলে জানান গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।
নিহতরা হলেন- বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দারহাটা ইউনিয়নের দাড়িদহ গ্রামের মোকছেদ মিয়ার ছেলে ১৯ দিন বয়সি রাফি, গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর গ্রামের প্রয়াত সিরাজ মণ্ডলের ছেলে জাহিদুল ইসলাম (৫৫) এবং একই উপজেলার রাজাহার ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামের আব্দুল গণির ছেলে নুরুন্নবী সরকার (৫০)।
আহতদের মধ্যে ইজিবাইক চালক সজিব মিয়া, যাত্রী রুপালি বেগম ও জাকিয়া বেগমকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি বুলবুল বলেন, শিশুসহ কয়েকজন যাত্রী নিয়ে ইজিবাইকটি গোবিন্দগঞ্জে যাচ্ছিল। পথে হঠাৎ ইজিবাইকটির পেছনের বাম চাকা খুলে যায় । এতে চালক নিয়ন্ত্রণ হারান। ঠিক তখনি পেছন থেকে আসা একটি ট্রাক ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই শিশু রাফি ও জাহিদুল মারা যান। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নুরুন্নবী মারা যান।
তিনি বলেন, ঘটনার পরপর চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করেছে এলাকাবাসী। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
