১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে আদালতের সামনে ‘হাতবোমা বিস্ফোরণ’

“হাতবোমাগুলোতে স্প্রিন্টার ছিল না; গানপাউডার ছিল। তাই বিস্ফোরণে প্রচণ্ড শব্দ হয়,” বলেন অতিরিক্ত পুলিশ সুপার।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 01:00 AM

Updated : 26 Aug 2026, 05:18 PM

গোপালগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে দুটি হাতবোমা বিস্ফোরণের তথ্য দিয়েছে পুলিশ। 

শুক্রবার রাত ৯টার দিকে আদালতের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

এদিন রাত ১১টার দিকে গোপালগঞ্জ জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়কের উপর পরপর দুটি হাতবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় প্রচণ্ড শব্দে হাতবোমা দুটি বিস্ফোরিত হয়। ওই এলাকা ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয় জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সিসিটিভির ভিডিও পর্যবেক্ষণ করে জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন বলেন, বিস্ফোরিত হাতবোমায় স্প্রিন্টার ছিল না; গানপাউডার ছিল। তাই বিস্ফোরণে প্রচণ্ড শব্দ হয়েছে। 

ঘটনার পর সেনাবাহিনীর সমন্বয়ে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।