টাঙ্গাইলে পরীক্ষা কেন্দ্রে নকল দিতে গিয়ে ছাত্রদল নেতা আটক
আটক শিক্ষার্থী কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ করতে গিয়ে ছাত্রদলের এক নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মোহাম্মদ সিফাত বিন সাদেক।
আটক মৃদুল হাসান কালিহাতী শাজাহান সিরাজ কলেজ শাখা ছাত্রদলের সভাপতি এবং একই কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মো. মজিবর রহমান বলেন, “আটক শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত নির্দেশনা পেয়েছি। সহকারী কমিশনার ও কলেজের শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
কালিহাতী থানার ওসি মো. জাকির হোসেন বলেন, আটক মৃদুল হাসান পুলিশ হেফাজতে রয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আটক শিক্ষার্থীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কলেজ কর্তৃপক্ষকে লিখিতভাবে বলা হয়েছে বলে জানান নির্বাহী হাকিম সিফাত বিন সাদেক।
