২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2025, 05:57 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

মঙ্গলবার বেলা ১২টা ১৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ফটক (ডেইরি গেট) সংলগ্ন মহাসড়কের দুই লেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

পরে বিকাল সোয়া ৫টার দিকে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তবে অবরোধ চলাকালে অ্যাম্বুলেন্সসহ জরুরি পরিষেবায় নিয়োজিত যানবাহনের চলাচল স্বাভাবিক ছিল। 

অবরোধ চলাকালে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মো. মহসিন মিয়া বলেন,

“আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি যাতে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার জন্য একটি যৌক্তিক সময় পাই এবং প্রস্তুতি নিতে পারি। আমরা বারবার সরকার ও পিএসসির সঙ্গে আলোচনার চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের দাবিকে কখনোই গুরুত্ব দেয়নি। 

“তাই আজ আমরা ঢাকার এই রাজপথ বন্ধ করতে বাধ্য হয়েছি। পিএসসি প্রজ্ঞাপন দিয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ না দেওয়া পর্যন্ত আমাদের এই অবরোধ চলবে।”

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হারুন অর রশীদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমাদের আন্দোলনে অনেক রাজনৈতিক দলও সমর্থন জানিয়েছে। এরপরও পিএসসি কাদের সুবিধা দিচ্ছে, যে আমাদের ওপর এভাবে স্বৈরাচারী সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে- আমরা তা জানতে চাই।”

সোমবারও একই দাবিতে দুপুর ১টা ২৫ মিনিট থেকে ১টা ৪৫ মিনিট পর্যন্ত (২০ মিনিট) ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।