২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এক ঘণ্টা মহাসড়ক অবরোধ

মহাসড়ক অবরোধের কারণে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়; এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

তিন দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের এক ঘণ্টা মহাসড়ক অবরোধ
অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2025, 08:03 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে টানা চতুর্থ দিনের মতো ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এক ঘণ্টা পর সড়ক ছেড়ে দেন তারা।

বুধবার বিকাল ৫টা থেকে ৬টা পর্যন্ত মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের দুইপাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

তিনি দাবিতে এক মাস ধরে আন্দোলন চলছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুজয় শুভ বলেন, “বিভিন্নভাবে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি কিন্তু তারা ন্যূনতম যোগাযোগও করেননি।

“পর্যাপ্ত অবকাঠামোর অভাবে আমাদের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আমরা দ্রুত সমাধান চাই।”

শিক্ষার্থীরা জানান, অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ এবং পরিবহন সংকট নিরসনের দাবিতে এক মাস ধরে আন্দোলন চলছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ বা আশ্বাস না পাওয়ায় তারা সড়ক অবরোধে নামতে বাধ্য হয়েছেন।

শিক্ষার্থী আবু বকর সিদ্দিক বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বাস দিলেও আমরা আশ্বস্ত নই। আমরা চাই শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি সরাসরি হস্তক্ষেপ করে অবকাঠামো উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেবে।”

আরেক শিক্ষার্থী মো. শওকত ওসমান স্বাক্ষর বলেন, “শিক্ষার প্রতি রাষ্ট্রের উদাসীনতার প্রমাণ আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বরিশাল বিশ্ববিদ্যালয় সর্বত্র দেখতে পাচ্ছি।

“রাষ্ট্র এবং প্রশাসনের দায়িত্ব শিক্ষার্থীদের নিরাপত্তা, আবাসন ও পরিবহন নিশ্চিত করা। কিন্তু শিক্ষাকে পণ্য হিসেবে দেখার প্রবণতার কারণে সব জায়গায় শিক্ষার প্রতি অবহেলা স্পষ্ট হয়ে উঠছে।”

দ্রুত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন স্বাক্ষর।

বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, বিকালে শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। তবে সন্ধ্যার আগে তারা মহাসড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।