২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহফিলে ‘উস্কানিমূলক’ বক্তব্য: কুমিল্লার আদালতে মামুনুল

বিচারকের সামনে মামুনুল হক সহ অন্য আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন।

মাহফিলে ‘উস্কানিমূলক’ বক্তব্য: কুমিল্লার আদালতে মামুনুল
কুমিল্লার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারকের সামনে হাজির হন আসামিরা।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2024, 07:09 PM

Updated : 10 Sep 2026, 12:11 PM

মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় কুমিল্লার আদালতে হাজির হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক।

সোমবার দুপুর ১২টার দিকে কুমিল্লার পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন ওই মামলার অভিযোগ গঠন করেন। 

এর শুনানিতে মামুনুল হক ছাড়াও মামলার আরেক আসামি খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাজির ছিলেন বলে আসামি পক্ষের আইনজীবী মো. জসিম উদ্দীন চৌধুরী জানান। 

মামলার নথির বরাতে তিনি জানান, ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা উপজেলার জোয়াগ পশ্চিমপাড়ায় এক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওই মাহফিলে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দুদিন পর আয়োজক ও অতিথিদের নামে পুলিশ বাদী হয়ে চান্দিনা থানায় একটি মামলা করে। 

এ মামলায় ছয়জনকে আসামি করা হয়; যাদের মধ্যে মামুনুল হক ও খালেদ সাইফুল্লাহ আইয়ুবীও রয়েছেন। 

সোমবার এ মামলার অভিযোগ গঠনের দিন থাকায় আসামিরা কুমিল্লার আদালতে হাজির হন। 

আইনজীবী জসিম উদ্দীন চৌধুরী বলেন, “বিচারকের সামনে মাওলানা মামুনুল হক তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। 

অন্য আসামিরাও নিজেদের নির্দোষ দাবি করেন।

“পরে বিচারক মামলার পরবর্তী তারিখ ধার্য করার কথা জানান।”

তবে এসব বিষয়ে মামুনুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি।