লালমনিরহাটে বিএনপি অফিসে হামলা মামলা: ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার
ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর থানায় করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানায়।
লালমনিরহাট শহরের বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলার অভিযোগে করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় জেলার হাতীবান্ধা উপজেলার বিভিন্ন এলাকা থেকে চার ছাত্রলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে হাতীবান্ধা থানার ওসি মাহমুদ-উন-নবী জানান।
গ্রেপ্তাররা হলেন, হাতীবান্ধা সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম জীবন, সরকারি আলিমুদ্দিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের কর্মী রুমন মিয়া ও ছাত্রলীগ নেতা বাবু।
ওসি মাহমুদ-উন-নবী বলেন, লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, বাড়ি-অফিসে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা হয়। সেই মামলায় ওই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
