নরসিংদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষে কিশোর নিহত
তাদের মধ্যে দফায় দফায় হামলা-মামলার ঘটনাও ঘটেছে।
নরসিংদীর রায়পুরা উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কয়েকজন।
মঙ্গলবার সকালে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান।
নিহত সাইফুল ইসলাম (১৭) ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
এ ঘটনায় গুরুতর আহত চান্দেরকান্দি ইউনিয়নের মেথিকান্দা এলাকার রবিউল্লাহ ছেলে রাহাতকে (২২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত বিষয় নিয়ে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল এবং রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুন অর রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছে। তাদের মধ্যে দফায় দফায় হামলা-মামলার ঘটনাও ঘটেছে।
সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়। এ সময় প্রতিপক্ষের হামলায় সাইফুল ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন রাহাত। তারা যুবলীগ নেতা রুবেলের সমর্থক। গ্রেপ্তার এড়াতে উভয় পক্ষের আহতরা গোপনে বিভিন্ন হাসপাতালের চিকিৎসা নিচ্ছেন।
খবর পেয়ে সকালে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
