২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে মশাল মিছিল

দাবি না মানলে হরতাল-অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন নাগরিক সমাজের নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 22 Sep 2026, 11:29 PM

Updated : 22 Sep 2026, 11:29 PM

গ্রাহক শোষণ ও হয়রানির ‘গণবিরোধী’ প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর প্রেস ক্লাব চত্বরে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি রংপুর জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি হয়।

সমাবেশে সংগঠনের সদস্যসচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা শওকত হোসেন, রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আমিন উদ্দিন বিএসসি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীথি দাস নন্দিনী, মাহফুজ হোসেন, এবিএম মসিউর রহমান, আশিকুল ইসলাম ও সবুজ রায়।

বক্তারা প্রিপেইড মিটার বাতিল ছাড়াও জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, বেসরকারিকরণের তৎপরতা বন্ধ এবং গ্রাহকদের বিরুদ্ধে করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

দাবি মানা না হলে সামনে হরতাল ও অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

সমাবেশ শেষে একটি মশাল মিছিল বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।