২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক-ঘাটসহ নানা কিছু দখল করে এখন তারা সাধু সেজেছে: শাহিন শওকত

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি হাই স্কুল মাঠে জনসভায় বিএনপির সাংগঠনিক সম্পাদক এসব কথা বলেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2025, 10:54 PM

Updated : 26 Aug 2026, 11:39 AM

অতীতে কোনো ভুল হয়ে থাকলে সাধারণ মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে তাদের পাশে থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত।

তিনি বলেছেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত কঠিন হবে। যে কারণে যার ক্লিন ইমেজ আছে, দল তাকেই মনোনয়ন দেবে। তাই সাধারণ মানুষের কাছে গিয়ে অতীতে কোনো ভুল করে থাকলে ক্ষমা চেয়ে তাদের পাশে থাকতে হবে।”

শনিবার বিকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালি হাই স্কুল মাঠে পোতাজিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। 

এ সময় দলের নেতাকর্মীদের সর্তক থাকার পরামর্শ দিয়ে বিএনপি নেতা বলেন, “একটি দল ব্যাংক ও ঘাটসহ নানা কিছু দখল করে এখন সাধু সেজেছে। রাজশাহীতে আঁতাত করে পুলিশের বিরুদ্ধে মামলা দেয়নি। তারা রাসুলের হাদিস বাদ দিয়ে ‘আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই’ স্লোগান দিয়ে মানুষের কাছে যাচ্ছে। 

“এরই মধ্যে ধর্মান্ধ ওই দলের ছাত্রীরা মানুষের রান্নাঘরে পর্যন্ত ঢুকে পড়েছে। তাদের মিষ্টি কথায় মানুষ যেন ভুল পথে না যায়, সেদিকে সব নেতাকর্মীকে সর্তক থাকতে হবে।”

ভারতের সমালোচনা করে সৈয়দ শাহিন শওকত বলেন, “ভারত আলু ও পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়ে নিজেরাই বিপদে পড়েছে। আবার বলছে, আগামী ঈদে তারা গরু আসতে দেবে না। দেখুন আগামীতে কী হয়, ভারতকে ওই সব পণ্য অর্ধেক দামে দিতে হবে, নইলে তারাই বিপদে পড়বে।”    

পোতাজিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে জনসভায়  আরও বক্তব্য দেন সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা অধ্যাপক এম এ মুহিত, উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, পৌর বিএনপির সভাপতি এমদাদুল হক নওশাদ, সাধারণ সম্পাদক হাজী আইয়ুব আলী, উপজেলা যুবদলের সদস্যসচিব আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন জুয়েল।