Published : 05 Jun 2026, 07:10 PM
নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলায় হামলার শিকার হয়ে মারা যাওয়া এক বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান কিশোরীগঞ্জ থানার ওসি লুৎফর রহমান।
গ্রেপ্তাররা হলেন- মিষ্টু মিয়া (৫২) ও তার ছেলে আদম আলী (২৮)।
আর নিহত রেজাউল করিম (৪০) কিশোরীগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া পূর্বপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে। তিনি ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া এলাকার আজিম উদ্দিনের ছেলেদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার রেজাউল করিম আত্মীয়-স্বজনদের নিয়ে বোন জামাই আমিন উদ্দিনের বাড়িতে দাওয়াতে যান। এ সময় পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
এতে রেজাউল করিমসহ কয়েকজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রেজাউল করিম মারা যান।
কিশোরীগঞ্জ থানার ওসি লুৎফর রহমান বলেন, “এ ঘটনায় মামলা হওয়ার পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।”
এ ঘটনায় বুধবার বিকালে স্থানীয়রা আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন। এতে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন ও মাগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম মোস্তফা উপস্থিত ছিলেন।