২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

জুনের মধ্যে টেশিসকে লাভজনক করতে চান পলক

পাঁচ মাসের মধ্যে টেলিফোন শিল্প সংস্থাকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা খুবই ‘চ্যালেঞ্জিং’ বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2024, 08:02 PM

Updated : 22 Jan 2024, 09:58 PM

আগামী পাঁচ মাসের মধ্যে টেলিফোন শিল্প সংস্থা-টেশিসকে লাভজনক প্রতিষ্ঠান করতে চান বলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন। 

সোমবার গাজীপুরের টঙ্গিতে টেশিস-এর ডিজিটাল প্রযুক্তি পণ‌্যের উৎপাদন প্লান্টগুলো পরিদর্শন শেষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এ কথা বলেন প্রতিমন্ত্রী। 

পলক বলেন, “১৯৭৩ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টেলিফোন শিল্প সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ভিশন ২০৪১ বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ গঠনে কাজ করছেন। বর্তমানে প্রযুক্তিখাতে ১ দশমিক ৯ বিলিয়ন ডলার আয় হয়েছে। এই খাতে ২০ লাখ তরুণ-তরুণী কাজ করছেন।

“এই খাত বর্তমানে দুই হাজার ৫০০টি সরকারি সেবা দিচ্ছে। আমরা ১৩ কোটি মানুষকে ইন্টারনেটে যুক্ত করতে পেরেছি। ভিশন ২০৪১ বাস্তবায়নে চারটি মূল হল স্মার্ট নাগরিক তৈরি করা, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সমাজ ব্যবস্থা ও স্মার্ট সরকার।” 

“টেলিফোন শিল্প সংস্থা-টেশিস লোকসানে রয়েছে। টেশিসকে হাইটেক পার্ক করে চলতি বছরের ৩০ জুনের মধ্যে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে নির্দেশনা দিয়েছি।” যোগ করেন তিনি।  

আগামী পাঁচ মাসের মধ্যে টেলিফোন শিল্প সংস্থাকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করা খুবই ‘চ্যালেঞ্জিং’ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “আমরা এই চ্যালেঞ্জটাই নিতে চাই।” 

মতবিনিমিয় সভায় টেশিসের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ হোসেন, বঙ্গবন্ধু হাইটেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর উল্লাহ, টেশিসের উপ-মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. ইসমাইল মিয়া ও জেনারেল ম্যানেজার মাইনুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।