১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ

এ ঘটনায় পাম্প মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2026, 05:57 PM

Updated : 26 Aug 2026, 03:15 PM

ময়মনসিংহের ফুলপুর উপজেলার একটি পেট্রোল পাম্পে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ করেছেন প্রশাসন। এ ঘটনায় পাম্প মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দায় ‘মেসার্স পপি ট্রেডার্স’ নামে পেট্রোল পাম্পে (মিনি পাম্প) এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।

তিনি বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার গোপন খবর পেয়ে দুপুরে পেট্রোল পাম্পটিতে অভিযান চালানো হয়। এ সময় পাম্পটিতে তেল সংরক্ষণ করা বিভিন্ন হাউজ তল্লাশি করে চার হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল পাওয়া যায়।

তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় পাম্প মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

পরে জব্দ করা তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয় বলে জানান তিনি। জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও ফুলপুর থানার ওসি রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাতে হালুয়াঘাটে অভিযান চালিয়ে করে ২৩০ লিটার জ্বালানি জব্দ করে উপজেলা প্রশাসন।