Published : 25 Jul 2025, 05:06 PM
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বালতির পানিতে পড়ে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার বাটনাতলী ইউনিয়নের বড়গ্রাম মুসলিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মানিকছড়ি থানার ওসি মাহমুদুল হাসান জানান।
মৃত মো. আনাস ওই এলাকার মো. আবু আহমেদের ছেলে।
শিশুটির পরিবারের বরাতে ওসি মাহমুদুল বলেন, “দুপুরে ছেলেটির মা ও পরিবারের লোকজন বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত ছিল। এ সময় শিশুটি বাড়ির বাইরে থাকা বড় বালতিতে পড়ে যায়।
“খোঁজাখুঁজির এক পর্যায়ে শিশু আনাসকে বালতি থেকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
শিশুটির পরিবারের পক্ষ থেকে কোন অভিযাগ না থাকায় আইনি কার্যক্রম শেষে লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।