২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারের অসাধু ডিলাররা সুযোগ নিচ্ছে: খাদ্যমন্ত্রী

নওগাঁ জেলায় এক লাখ ১৯ হাজার ভোক্তা খাদ্যবান্ধব ও ওএমএস কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে চাল ক্রয়ের সুবিধা পাবেন।

সারের অসাধু ডিলাররা সুযোগ নিচ্ছে: খাদ্যমন্ত্রী

নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2022, 09:23 PM

Updated : 28 Aug 2022, 09:23 PM

কোথাও সারের অবৈধ মজুদ পাওয়া গেলে সেই সার প্রকৃত কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোপা-আমন মৌসুমে দেশের বিভিন্ন স্থানে সারের সংকট এবং পাওয়া গেলেও তা বেশি দামে কিনতে হচ্ছে- কৃষকদের এমন অভিযোগের মধ্যে মন্ত্রী এই কথা বললেন।

রোববার তিনি বলেন, “দেশে সব রকমের সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। সার নিয়ে প্যানিক পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। এর ফলে কিছু অসাধু ডিলার সুযোগ নিচ্ছে।”

অহেতুক অস্থিরতা তৈরি করলে কেউই রেহাই পাবে না- এমন হুঁশিয়ারি দিয়ে সাধন চন্দ্র বলেন, “যিনি যে এলাকায় ডিলারশিপ নিয়েছেন,তাকে সেই এলাকায় সার বিক্রি নিশ্চিত করতে হবে। প্রতিদিন কতটুকু বিক্রি হলো কতটুকু অবশিষ্ট থাকল তা নিয়মিতভাবে রেজিস্টারে লিপিবদ্ধ করে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।”

বিকালে নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার এবং বিএডিসি ও বিসিআইসি সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এসব কথা বলেন।

বিএনপির আমলে সারের জন্য ১৯ কৃষককে হত্যা করা হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, “বর্তমান সরকার সারে ভর্তুকি দিচ্ছে। প্রকৃত কৃষক যাতে ভর্তুকির সুবিধা পায় তা নিশ্চিত করা হবে।”

খাদ্যবান্ধব ও ওএমএস কার্যক্রম ১ সেপ্টেম্বর থেকে জেলা, উপজেলা ও পৌর এলাকায় শুরু হবে। খাদ্যবান্ধব ও ওএমএস এর চাল বিতরণে যেন কোনো অনিয়ম না হয় তা নিশ্চিত করতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দেন মন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। বাংলাদেশেও তার প্রভাব পড়েছে। বিরূপ আবহাওয়া হলে আমনের উৎপাদন কম হতে পারে। সেজন্য আমরা সতর্কতা হিসেবে বিদেশ থেকে চাল আমদানি করছি।

“এরই মধ্যে বেসরকারি চাল আমদানির ক্ষেত্রে ১০ শতাংশ রেগুলেটরি ট্যাক্স কমিয়েছি, আজই হয়ত গেজেট জারি হবে। তাছাড়া আমাদের খাদ্য মজুতও পর্যাপ্ত রয়েছে।”

মতবিনিময় সভায় জানানো হয়, নওগাঁ জেলায় এক লাখ ১৯ হাজার ভোক্তা খাদ্যবান্ধব ও ওএমএস কর্মসূচির আওতায় স্বল্প মূল্যে চাল ক্রয়ের সুবিধা পাবেন।

জেলা প্রশাসক খালিদ মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার রাশিদুল হক, রাজশাহীর আঞ্চলিক খাদ্য কর্মকর্তা ফারুখ হোসেন পাটোয়ারী, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আলমগীর কবির, নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রফিক।