ঘন কুয়াশায় গাড়ি চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘন কুয়াশায় মাদারীপুরের সদর উপজেলায় গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী এক এনজিও কর্মী নিহত হয়েছেন।
ঢাকা-বরিশাল মহাসড়কের সমাদ্দার ব্রিজ এলাকায় রোববার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রাজৈর থানার ওসি শেখ মো আমিনুল ইসলাম জানিয়েছেন।
নিহত ৩১ বছর বয়সী সুমন সরদার শরীয়তপুর পৌর এলাকার তুলাসার গ্রামের মোহাম্মদ তাজুল ইসলামের ছেলে এবং শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটির ফিল্ড অর্গানাইজার হিসেবে রাজৈর শাখায় কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ ও নিহতের সহকর্মীরা বলেন, শরীয়তপুরের বাসা থেকে মোটরসাইকেলে করে রাজৈর ফিরছিলেন সুমন সরদার। পথে ঘন কুয়াশার কারণে একটি গাড়ি মোটরসাইকেলটিকে চাপা দিলে সুমন গুরুতর আহত হন।
স্থানীয়দের কাছে খবর পেয়ে মস্তফাপুর হাইওয়ে পুলিশ সুমনকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।
সুমনকে চাপা দেওয়া গাড়ি ও এর চালককে এখনও সনাক্ত করা যায়নি বলে ওসি আমিনুল ইসলাম জানিয়েছেন।
