Published : 19 May 2026, 12:35 PM
গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে বিক্ষোভের মধ্যে সংঘর্ষ, কয়েকজন আহত হবার ঘটনায় সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা করেছে পুলিশ।
সোমবার গাজীপুর সদর থানায় করা মামলায় ২০০-২৫০ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি আমিনুল ইসলাম।
তবে মামলার বাদীর নাম প্রকাশ করতে চায়নি পুলিশ।
ওসি আমিনুল বলেন, ডুয়েটের নতুন উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে কয়েক দিন ধরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে রোববার শিক্ষার্থীদের দুই পক্ষের সংঘর্ষে গেটের বাইরে থাকা পুলিশ সদস্য, গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাত হোসেন ও সাধারণ ছাত্রসহ ১৪—১৫ জন আহত হন।
এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে অজ্ঞাতপরিচয় ২০০—২৫০ জনকে আসামি করে মামলা হয়েছে।
বৃহস্পতিবার অধ্যাপক মোহাম্মদ ইকবালকে নতুন উপাচার্যের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর বিরোধিতা করে সেদিন রাত থেকেই আন্দোলনে নামেন একদল শিক্ষার্থী। তারা দাবি তুলেন, ডুয়েটের উপাচার্য ডুয়েট থেকেই দিতে হবে।
আন্দোলনের মধ্যে যোগদান করতে গিয়ে রোববার বিশ্ববিদ্যালয়ের ফটক থেকে ফিরে যেতে বাধ্য হন। তার যোগদানকে কেন্দ্র করে এদিন ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন।
পরে উপাচার্য পুলিশ পাহারায় পাশের উপজেলা পরিষদে গিয়ে আশ্রয় নেন। সেখানে বসেই তিনি দায়িত্ব গ্রহণ করেন এবং পরে শিক্ষকদের সঙ্গে অনলাইনে সভা করেন। সোমবারও উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল আর ক্যাম্পাসে যাননি। তবে তিনি গাজীপুরে ছিলেন বলে সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন।
এদিকে, মঙ্গলবার সকালেও ডুয়েটের প্রধান ফটকের সামনে বিক্ষিপ্তভাবে কয়েকজনকে অবস্থান করতে দেখা গেছে। তবে সকাল ১০টার দিকে ও নতুন ভিসি ক্যাম্পাসে পৌঁছাননি।
আগের সংবাদ-
অক্টোবর ১৯৭১: গেরিলা আক্রমণ আর আন্তর্জাতিক চাপে চিন্তিত পাকিস্তান
ডুয়েটে 'ব্লকেড' কর্মসূচি, নতুন ভিসির বিরুদ্ধে আন্দোলন অব্যাহত
ডুয়েটে নতুন ভিসির বিরুদ্ধে আন্দোলনে ছাত্রশিবিরের হাত দেখছে ছাত্রদল
যোগ দিলেও ডুয়েটের ভিসি ক্যাম্পাসে ঢোকেননি, করলেন অনলাইনে সভা
ডুয়েটে নতুন ভিসি: শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে দফায় দফায় সংঘর্ষ