সিলেটে বস্তাবন্দি ৫৬ বালি হাঁস অবমুক্ত
পাখিগুলো বিক্রির জন্য আনা হয়েছিল, তখন বনবিভাগ সেগুলো জব্দ করে।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অভিযানে জব্দ হওয়া ৫৬ বালি হাঁস অবমুক্ত করা হয়েছে।
মঙ্গলবার বিকালে নির্বাহী হাকিম সিহাব বিন আমিনের উপস্থিতিতে উপজেলার শেখঘাট এলাকার সুরমা নদীর তীরে বালি হাঁস অবমুক্ত করা হয় বলে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল্লাহ জানান।
তিনি বলেন, সোমবার রাত ৯টার দিকে উপজেলার চণ্ডিপুল এলাকায় পাখিগুলো বিক্রির জন্য আনা হয়। এ সময় অভিযান চালিয়ে পাখিগুলো জব্দ করা হয়।
অভিযানকালে পাখি উদ্ধার হলেও বনবিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারি পালিয়ে যায়।
জেলা প্রশাসনের নির্বাহী হাকিম সিহাব বিন আমিন সাংবাদিকদের বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী, এসব পাখি প্রাকৃতিক সম্পদ। যারা এসব পাখি শিকার করে বাজারে বিক্রি করার চেষ্টা করবে প্রশাসন তাদের আইনের আওতায় নিয়ে আসবে।
