২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কর্মকর্তাদের ঈমানের ওপর নির্ভর করে দায়িত্ব পালন করতে বলা হয়েছে’

সাংবাদিকদের ‘থার্ড আই’ আখ্যা দিয়ে এই নির্বাচন কমিশনার বলেন, “তারা আমাদের বন্ধু, তারা আমাদের ‘থার্ড আই’ ও ইয়ার হিসেবে কাজ করছেন।”

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 11:47 AM

Updated : 10 Sep 2026, 12:04 PM

আসন্ন উপজেলা নির্বাচনে নির্বাচনি কর্মকর্তাদের তাদের ঈমান ও বিবেকের ওপর নির্ভর করে দায়িত্ব পালন করতে বলা হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান।

তিনি বলেছেন, “আমরা চেষ্টা করছি, অতীতের মত একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য।”  

শনিবার বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলা পরিষদের প্রথম ধাপে নির্বাচনের নির্বাচনি কর্মকর্তাদের নিয়ে সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সভা হয়।

পরে আহসান হাবিব খান বলেন, “ভোটগ্রহন কর্মকর্তাদের বলে দেওয়া হয়েছে, একটি জাল ভোট পড়লে সঙ্গে সঙ্গে সেই কেন্দ্র বন্ধ হবে। যদি কেউ স্বাভাবিক পরিবেশ বিঘ্ণ ঘটায়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে ডাকবেন। তারা না আসা পর্যন্ত ওই কেন্দ্রে ভোট বন্ধ থাকবে। যতক্ষণ পরিস্থিতি স্বাভাবিক হবে না ততক্ষণ ভোট বন্ধই থাকবে।”  

“আর যদি এর থেকেও শক্তিশালী ঘটনা ঘটে, যেমন ভোটকেন্দ্র দখল হয়ে যাওয়ার মতন ঘটনা, তাহলে কেন্দ্র বন্ধ করে ভেগে যান কিন্তু কোনো প্রকার সহিংসতাকে গ্রহণ করা হবে না। পরিষ্কারভাবে এ নির্দেশনা সবাইকে দিয়ে দেওয়া হয়েছে,” যোগ করেন তিনি।

সাংবাদিকদের ‘থার্ড আই’ আখ্যা দিয়ে এই নির্বাচন কমিশনার আরও বলেন, “সাংবাদিকরা আমাদের বন্ধু, তারা আমাদের ‘থার্ড আই’ ও ইয়ার হিসেবে কাজ করছেন। তারা বস্তুনিষ্ঠ তথ্য ও সংবাদ প্রকাশ করেন, তাদের ভয় পাওয়ার কিছু নেই। ভয় তারাই পাবে, যারা দুই নম্বর, ধোঁকাবাজ এবং অন্যায়ের সাপোর্টকারী।”

“ভোটগ্রহণ কর্মকর্তাদের বলা হয়েছে, সাংবাদিকরা যখন কেন্দ্রে ঢুকবেন, তখন অনুমতি নেওয়ার দরকার নেই। কেন্দ্রে ঢুকে শুধু প্রিজাইডিং অফিসারকে জানাবেন। তারপর তিনি নিয়মানুযায়ী যেখানে খুশি সেখানে যেতে পারবেন এবং ছবি ও ভিডিও নিতে পারবেন।” 

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “ভোট গণনার সময়ও ক্যামেরা ধরে রাখা যাবে, শুধু লাইভটা ভোটকক্ষের বাহিরে দিবে।”

বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী, রেঞ্জ ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় ছিলেন।