২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাফিক নিয়ন্ত্রণ-পাহারা থেকে সরে আসছেন রাবি সমন্বয়কেরা

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2024, 02:45 AM

Updated : 26 Aug 2026, 10:17 AM

রাজশাহী মহানগর ও জেলায় সব ধরনের ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার তদারকি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পাহারা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। 

তবে রাত্রিকালীন নিরাপত্তার স্বার্থে সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অনধিক ১০ জন শিক্ষার্থী পাহারার দায়িত্ব পালন করতে পারবেন বলে মত তাদের।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন সমন্বয়করা।

এ ছাড়া সংবাদ সম্মেলনে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে নিয়মিত আন্দোলন চালানোর কথা বলেন তারা। 

সমন্বয়ক পরিচয়ে যেকোনো ব্যক্তির আর্থিক লেনদেন, সুবিধা প্রদান ও ক্ষমতাচর্চার সব ধরনের সুযোগ প্রতিহত করার সিদ্ধান্তও নেওয়া হয়।

এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহায়ের ইসলাম। 

তিনি বলেন, “মহান জুলাই বিপ্লবের ফলশ্রুতিতে গণভবন থেকে স্থানীয় সরকার পর্যন্ত ফ্যাসিবাদী হাসিনা ও তার অংশীদারদের পতন ঘটেছে। ছাত্রজনতার এই বিপ্লবের পর দেশে রাষ্ট্রীয় সম্পত্তির পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী সংখ্যালঘু ভাই-বোনদের জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়।” 

নিরাপত্তা শূন্যতা পূরণের লক্ষ্যে তাদের আহ্বানে সাড়া দিয়ে সমাজের সর্বস্তরের ছাত্র-জনতা পাড়ায় মহল্লায় পাহারা বসায় বলে তিনি দাবি করেন। 

এ সমন্বয়ক আরও বলেন, “সহস্রাধিক শহীদ ও দুই হাজারের কাছাকাছি আহত এবং পঙ্গুত্ববরণকারী ভাই-বোনের আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই দ্বিতীয় স্বাধীনতার সূচনা। বিপ্লব পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে দায়িত্ব গ্রহণ করেছে। পুলিশ ও প্রশাসন দায়িত্বে ফিরে এসেছে। এ পরিস্থিতিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সার্বিক বাস্তবতা বিবেচনায় নিয়ে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।"  

সিদ্ধান্তগুলো হল- রাজশাহী মহানগর ও জেলায় সব ধরনের ট্রাফিক নিয়ন্ত্রণ, বাজার তদারকি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পাহারা থেকে শিক্ষার্থীরা সরে আসবেন। এসব স্থানে রাষ্ট্রীয়ভাবে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ তাদের কর্তব্য পালন করবে। শুধু রাত্রিকালীন নিরাপত্তার স্বার্থে সড়কের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ১০ জনের বেশি নয়, এমনসংখ্যক শিক্ষার্থী পাহারার দায়িত্বপালন করতে পারেন। তবে অবশ্যই শিক্ষার্থীদের পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। 

আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে পুলিশকে সর্বাত্মক সহায়তা করা; বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীতে কেন্দ্রঘোষিত সমন্বয়ক পরিষদ ছাড়া কোনো ধরনের সমন্বয়ক নেই, রাবি পরিষদসহ ‘সমন্বয়ক’ পরিচয়ে যেকোনো ব্যক্তির আর্থিক লেনদেন, সুবিধা প্রদান কিংবা ক্ষমতাচর্চার সব ধরনের সুযোগ প্রতিহত করা; দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে নিয়মিত আন্দোলনের বাইরে রাজশাহী জেলা ও মহানগরের অন্যান্য কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।

এসময় সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত বলেন, “শহরে বিশৃঙ্খলা তৈরি ও আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে অনেকেই সমন্বয়ক, সহ সমন্বয়ক ও শিক্ষার্থী পরিচয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপচেষ্টা চালাচ্ছেন। এগুলো নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”