বগুড়ায় এনসিপির সভায় সারজিস, বাইরে হাতবোমা বিস্ফোরণ
এ সময় মিলনায়তনের ভেতরে চলা সভায় এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম উপস্থিত ছিলেন।
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সমন্বয় সভা চলাকালে মিলনায়তনের বাইরে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এ সময় মিলনায়তনের ভেতরে চলা সভায় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
সোমবার বেলা সাড়ে ৩টার দিকে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনের সামনে এ ঘটনা ঘটে বলে জানান বগুড়া সদর থানার ওসি হাসান বাসির।
বগুড়া জেলা এনসিপির নেতা চিকিৎসক সানি বলেন, সারজিস আলমের উপস্থিতিতে জেলা পরিষদ মিলনায়তনে তাদের সমন্বয় সভা চলছিল। এ সময় পরিষদ চত্বরে তিনটি হাতবোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে দুটি বিস্ফোরণ ঘটলেও সভার কার্যক্রম চালু রাখা হয়।
এ ঘটনার পেছনে কার হাত রয়েছে, তা বলতে পারেননি তিনি। তবে তাদের প্রতিপক্ষ কিংবা আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা এই এনসিপি নেতার।
ওসি হাসান বাসির বলেন, করতোয়া নদীর পাশে একটি ভবনের ছাদ থেকে কে বা কারা জেলা পরিষদ চত্বরে দুটি হাতবোমা নিক্ষেপ করে। এর মধ্যে একটির বিস্ফোরণ ঘটে। অপরটি অবিস্ফোরিত থেকে যায়, যা পরে নিষ্ক্রিয় করা হয়।
হাতবোমা নিক্ষেপকারীদের শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান ওসি।
