১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে চেতনানাশক খাইয়ে লুট করে পালানোর সময় দুজনকে গণপিটুনি

শনিবার সন্ধ্যায় শ্রমিকরা ইফতারির খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয়। তা খেয়ে বাড়ির লোকজন অচেতন-অসুস্থ হয়ে পড়ে।

মাদারীপুরে চেতনানাশক খাইয়ে লুট করে পালানোর সময় দুজনকে গণপিটুনি
গণপিটুনীর শিকার আহত দুইজন ও অসুস্থ দম্পতিকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2025, 01:05 PM

Updated : 26 Aug 2026, 12:02 PM

মাদারীপুরে এক দম্পতিকে চেতনানাশক খাইয়ে স্বর্ণালংকার ও টাকা লুট করে পালিয়ে যাবার সময় দুইজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। 

এ ঘটনায় অসুস্থ দম্পতিকেও একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার ভোরে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম রঘুরামপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মোকছেদুর রহমান। 

আটকরা হলেন- খুলনার ডুমুরিয়া উপজেলা হাসানপুর গ্রামের আক্কাস খাঁর ছেলে আমিন খাঁ (২৫) ও দিঘলিয়া এলাকার রুবেল মিয়াকে (৩৫)। 

ভুক্তভোগী পরিবারের বরাতে পুলিশ জানায়, সপ্তাহখানেক আগে পশ্চিম রঘুরামপুর গ্রামের গোলাম রহমান ফকিরের বাড়িতে রাজমিস্ত্রির কাজে আসেন কয়েকজন শ্রমিক। 

শনিবার সন্ধ্যায় শ্রমিকরা ইফতারির খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে দেয়। তা খেয়ে বাড়ির লোকজন অচেতন-অসুস্থ হয়ে পড়ে। এই সুযোগে রোববার ভোরে ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় শ্রমিকরা।

এদিকে সেহরি শেষে নামাজ পড়তে বের হয়ে প্রতিবেশিরা গোলাম রহমানের ঘরের দরজা খোলা দেখতে পান। সন্দেহ হলে ভেতরে ঢুকে গৃহকর্তা ও তার স্ত্রীকে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন তারা। 

এ সময় বাড়ির রাজমিস্ত্রিদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এলাকাবাসী। এক পর্যায়ে মোটরসাইকেল নিয়ে তল্লাসীতে নামেন তারা। 

পরে রাজমিস্ত্রিদের ইজিবাইকে করে পালিয়ে যেতে দেখে ধাওয়া দিয়ে পাশের হাজমকান্দি এলাকায় গতিরোধ করেন স্থানীয়রা। এ সময় রাজমিস্ত্রিদের গণপিটুনী দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে তাদের আটক করে। 

পরে গণপিটুনীর শিকার আহত দুইজন ও অসুস্থ দম্পতিকে জেলা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে পুলিশ।  

মাদারীপুর জেলা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিয়াদ মাহমুদ বলেন, “ভোরে গণপিটুনীতে আহত দুইজনসহ চারজন হাসপাতালে ভর্তি আছে। তাদের চিকিৎসা চলছে।”

ওসি মো. মোকছেদুর রহমান জানান, “আটককৃতদের কাছ থেকে লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার জব্দ করা হয়েছে। সেগুলো পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া ঘটনাস্থল থেকে ইরান নামে আরও একজন পালিয়ে গেছে।  তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান ওসি।