২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্র বিনির্মাণের কাজে অনেক বাধা আসবে: হাসনাত আব্দুল্লাহ

বৃহস্পতিবার বিকালে কক্সবাজারে এক সভায় তিনি এসব কথা বলেন।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2024, 09:07 PM

Updated : 26 Aug 2026, 10:27 AM

রাষ্ট্র সংস্কারের কাজে বাধা এলেও তাতে আপস করা যাবে না বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, “ছাত্র-জনতা ব্যর্থ হলে আবারও ফ্যাসিবাদের উত্থানের সুযোগ তৈরি হবে। চাঁদাবাজি, দুর্নীতি, টেন্ডারবাজির বিপক্ষে পরিচিত হবে বাংলাদেশ। রাষ্ট্র বিনির্মাণের কাজে অনেক বাধা আসবে। কিন্তু বাংলাদেশের প্রশ্নে ছাত্ররা কারো সঙ্গে কখনোই আপস করব না।” 

বৃহস্পতিবার বিকাল ৫টায় কক্সবাজারে ‘গণঅভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায়’ তিনি এসব কথা বলেন।  

বিভাজনের রাজনীতিতে পা দিলে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না মন্তব্য করে হাসনাত বলেন, “রাষ্ট্র পুনর্গঠন না হওয়া পর্যন্ত একইভাবে ছাত্র-জনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

তিনি বলেন, “রাষ্ট্র পুনর্গঠনের জন্য পুলিশ, চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদের সহযোগিতা প্রয়োজন। তাদের সঙ্গে ছাত্রদের সম্পর্ক হবে সহযোগিতামূলক। ছাত্রদের আচরণে কেউ যেন মনে না করেন তাকে বল প্রয়োগ করা হচ্ছে।” 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখা এ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় কথা বলেন আন্দোলনে নিহত সাকিবের বাবা, নিহত তানভীরের চাচা তারেক আজিজসহ গুলিবিদ্ধ ও আহত কয়েকজন ছাত্রছাত্রী।  

সভার শুরুতে ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। 

হাসনাতের মোবাইল চুরি

কক্সবাজারের একটি হোটেল থেকে হাসনাত আব্দুল্লাহর মোবাইল চুরি হয়েছে। 

দুপুরে কক্সবাজার সিলিটন নামে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ফোনটি চুরি হয়। সেখানে তিনি বিশ্রাম নিচ্ছিলেন।

কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, দুপুরে দিকে হাসনাত আব্দুল্লাহ জানিয়েছেন তার ফোনটি চুরি হয়েছে। পুলিশ তার ফোন উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।