পাবনায় পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ভাইবোনের
সকালে পরিবারের সদস্যদের অগোচরে দুই শিশু পুকুরে গোসল করতে নামে বলে জানায় পুলিশ।
পাবনার ঈশ্বরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর।
নিহতরা হল- ওই গ্রামের পলান সরদারের ছেলে আজিবুল ইসলাম (৫) এবং রাসেল সরদারের মেয়ে রাবেয়া খাতুন (৬)। তারা আপন চাচাতো ভাই-বোন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৯টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে আজিবুল ও রাবেয়া বাড়ির পাশের মালেক মণ্ডলের ইটভাটার পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়।
পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ওই পুকুরপাড়ে গিয়ে রাবেয়ার মৃতদেহ ভাসতে দেখে। পুকুরে তল্লাশির এক পর্যায়ে আজিবুলের মৃতদেহও পাওয়া যায়।
ওসি আব্দুন নূর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
