২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, চাচি শাশুড়ি আটক

“দুর্বৃত্তরা পাখির ঘরে ঢুকে সন্তানের সামনেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।”

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 12:26 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

মাদারীপুরের কালকিনি উপজেলায় প্রবাসীর স্ত্রীকে রাতের আঁধারে কুপিয়ে হত্যা করা হয়েছে।

উপজেলার এনায়েতনগর এলাকার উত্তর মাঝের কান্দি গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে কালকিনি থানার ওসি সোহেল রানা জানান।

নিহত ২৮ বছর বয়সী পাখি বেগম ওই এলাকার সৌদী আরব প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহতের পরিবারের বরাতে ওসি সোহেল রানা বলেন, “পাখি রাতের খাবার খেয়ে চার বছরের সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তার বসত ঘরের চালের উপর ইট-পাটকেল নিক্ষেপের শব্দ শুনে দরজা খুলে বাইরে দেখেন।

“এ সুযোগে কয়েকজন দুর্বৃত্ত পাখির ঘরে ঢুকে সন্তানের সামনেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে ওই শিশুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে কালকিনি থানায় খবর দেয়।”

তিনি বলেন, এ ঘটনায় নিহতের চাচি শাশুড়ি পলি বেগমকে আটক করেছে পুলিশ। তিনি একই এলাকার শাহাদাত হাওলাদারের স্ত্রী।

নিহতের শাশুড়ি নাজমা বেগম বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমার পুত্রবধুকে খুন করা হয়েছে। পলির স্বামী শাহাদাত হাওলাদার ও বাবা ইউনুস সরদারও  খুনের সঙ্গে জড়িত রয়েছে।”

এ বিষয় জানতে শাহাদাত ও ইউনুসের খোঁজ করা হলে তাদের এলাকায় পাওয়া যায়নি।

পাখি বেগমকে হত্যার কারণ পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত করছে বলে ওসি সোহেল রানা জানিয়েছেন।