ময়মনসিংহে ঝড়ে গাছ উপড়ে ও ডাল ভেঙে নিহত ২
একজন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।
ময়মনসিংহে কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে এবং ডাল ভেঙে দুজনের মৃত্যু হয়েছে।
রোববার বিকাল ৪টার দিকে ঘাগড়া ইউনিয়নের বাড়েরা ও মরাকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান শফিক জানান।
নিহতরা হলেন- বাড়েরা এলাকায় মজিদের ছেলে সজিব মিয়া (২০) ও মরাকুড়ি এলাকার আফসার আলীর ছেলে সুরুজ মিয়া (৬০)।
নিহত সজিবের প্রতিবেশী চাচা মো. আজাদ বলেন, “ঘটনার সময় সজীব গরুর খাবারের জন্য ফসলি মাঠে ঘাস কাটতে গিয়েছিল। এ সময় হঠাৎ ঝড় শুরু হলে সে একটি কড়ই গাছের নিচে আশ্রয় নেয়।
“কিন্তু ঝড়ের কবলে গাছটি উপড়ে গেলে সজিব চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান। বর্তমানে তার দাফনের প্রস্তুতি চলছে।”
অপরজন মরাকুড়ি এলাকার বাসিন্দা সুরুজ মিয়া বাড়ির পাশেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঝড়ে একটি ডাল তার মাথার ওপরে এসে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে ওসি সফিকুল ইসলাম খান শফিক জানান।
তিনি বলেন, “খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”
