Published : 31 Mar 2026, 06:59 PM
২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন ঘটনায় দায়ের করা তিনটি মামলায় চাঁদপুর আদালতে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবদুল মান্নান মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। এ সময় আসামিকে আদালতে ভার্চুয়ালি হাজির দেখানো হয় বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী এ জেড এম রফিকুল হাসান রিপন জানান।
আদালত থেকে জানা গেছে, ২০২৪ সালের জিআর ৫৭৯ মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিন্টু দত্ত, জিআর ৫৭১ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাদির শাহ্ এবং জিআর ৫৮৫ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুরে আলম আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নাদির শাহ্ বলেন, জেলা বিএনপির সভাপতি (বর্তমান সংসদ সদস্য) শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় ২০২৪ সালে ১৮ জুলাই ও ৪ অগাস্ট দুইবার ভাঙচুর, আগুন ও লুটপাট করা হয়। এই ঘটনায় দায়ের করা মামলায় ১ নম্বর আসামি দীপু মনি। তার নির্দেশে অন্যান্য আসামিরা এই ঘটনা ঘটায়। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মিন্টু দত্ত বলেন, ২০২৪ সালের ৪ অগাস্ট শহরের বাসস্ট্যান্ড এলাকায় ১ নম্বর আসামি দীপু মনির ইন্ধনে অন্যান্য আসামিরা ছাত্র-জনতার ওপর হামলা চালায়। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
আরেক মামলার তদন্তকারী কর্মকর্তা নুলে আলম বলেন, ২০২৪ সালের ৪ অগাস্ট ১ নম্বর আসামি দীপু মনির নির্দেশে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় সড়ক ভবনের গাড়িতে আগুন লাগিয়ে দেয় অন্যান্য আসামিরা। ওই মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়।
তিনটি মামলায় আসামি দীপু মনির পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না। দীপু মনি নিজেই তার মামলার অভিযোগের বিষয়ে বক্তব্য দেন। তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেন। তিনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন।
শুনানির সময় রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি শিরিন সুলতানা মুক্তা, অতিরিক্ত পাবলিক প্রসিকিউরিটির হারুনুর রশিদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি শামসুল ইসলাম, সম্পাদক জাকির হোসেন ফয়সাল উপস্থিত ছিলেন।