গর্তে পড়ে সাজিদের মৃত্যুতে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া এ বিষয়ে লিগ্যাল নোটিশ পাঠান।
রাজশাহীর তানোরে গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে দুই বছর বয়সী শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় রাষ্ট্রের কাছে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।
রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মনিরুল ইসলাম মিয়া এ বিষয়ে লিগ্যাল নোটিশ পাঠান।
এটি পাঠানো হয়েছে কৃষি মন্ত্রণালয়ের সচিব, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান, সেচ বিভাগের নির্বাহী প্রকৌশলী, তানোরের সহকারী প্রকৌশলী, রাজশাহী জেলা প্রশাসক, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং তানোর থানার ওসির কাছে।
শিশু সাজিদের মৃত্যুর দায় রাষ্ট্রের বর্ণনা করে নোটিশে ক্ষতিগ্রস্ত পরিবারকে পাঁচ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি বরেন্দ্র অঞ্চলে ছড়িয়ে থাকা শত শত পরিত্যক্ত গর্ত দ্রুত বন্ধ করা এবং অবৈধভাবে গভীর নলকূপ স্থাপনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আইনজীবী মনিরুল ইসলাম মিয়া বলেন, এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১৫ দিনের সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে হাই কোর্ট বিভাগে জনস্বার্থে রিট দায়ের করা হবে।
পরিত্যক্ত গর্তে খোঁজে প্রশাসন
শিশু সাজিদের মৃত্যুর পর পরিত্যক্ত গভীর নলকূপের গর্ত শনাক্তে নড়েচড়ে বসেছে প্রশাসন। শনিবার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন ও আইসিটি) রেজাউল আলম সরকার রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসকদের কাছে একটি চিঠি পাঠান।
চিঠিতে বলা হয়, রাজশাহী বিভাগে বিএমডিএ ও বিএডিসি (সেচ) কর্তৃক স্থাপিত অনেক গভীর নলকূপের পাইপের মুখ অরক্ষিত বা উন্মুক্ত অবস্থায় রয়েছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। এ অবস্থায় দুর্ঘটনা প্রতিরোধে ১৮ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ জেলার ঝুঁকিপূর্ণ ও উন্মুক্ত গভীর নলকূপের তথ্য নির্ধারিত ছকে পাঠাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
১০ ডিসেম্বর রাজশাহীর তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়ায় গভীর নলকূপের গর্তে পড়ে নিখোঁজ হয় দুই বছরের সাজিদ। ফায়ার সার্ভিসের সদস্যরা টানা ৩১ ঘণ্টা চেষ্টা চালিয়ে ৪৫ ফুট মাটি খুঁড়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ব্যক্তিমালিকানায় অবৈধভাবে সেমিডিপ বসানোর উদ্দেশ্যে ওই গর্তে খনন করা হলেও প্রায় এক বছর ধরে তা উন্মুক্ত অবস্থায় পড়ে ছিল। এই ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক উদাসীনতার বিষয়টি সামনে আসে।
