২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড, জলাবদ্ধতা

২৪ ঘণ্টায় এ জেলায় ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

চাঁদপুরে দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড, জলাবদ্ধতা
টানা বৃষ্টিতে চাঁদপুর শহরের অনেক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2025, 07:25 PM

Updated : 26 Aug 2026, 12:49 PM

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ দেশের উপকূল অতিক্রম করেছে। এর প্রভাবে চাঁদপুরে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত ছিল। এতে শহরের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

গেল ২৪ ঘণ্টায় এ জেলায় ২৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে; যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার বেলা ৩টায় চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ মো. শোয়েব বলেন, ২৯ মে সকাল ৯টা থেকে ৩০ মে সকাল ৯টা পর্যন্ত চাঁদপুরে বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৪২ মিলিমিটার। এরপর বৃষ্টিপাত কমে যায়। এ ছাড়া সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে মাত্র ১১ মিলিমিটার। 

তবে বিকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টিপাত নেই বলে জানান তিনি।

এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও চাঁদপুর-ঢাকা নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। তবে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জের মধ্যে ছোট লঞ্চ চলাচল এখনো বন্ধ রয়েছে বলে জানান চাঁদপুর নদী বন্দরের (ট্রাফিক বিভাগ) উপ-পরিচালক বাবু লাল বৈদ্য।

এ ছাড়া চাঁদপুর থেকে শরীয়তপুর নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান বিআইডাব্লিউটিসি হারিণা ফেরিঘাট কার্যালয়ের ব্যবস্থাপক ফয়সাল চৌধুরী।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত বলেন, চাঁদপুরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যা হয়নি। সবকিছু স্বাভাবিক রয়েছে। 

এরপরও চাঁদপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনকে সঙ্গে নিয়ে শহরের পুরান বাজার রনাগোয়াল, বহরিয়া ও হরিণা এলাকা পরিদর্শন করেছে তিনি।

এ সময় উপকূলীয় এলাকার লোকজনের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের খোঁজ খবর নেন জেলা প্রশাসক।