কোটা: মেরামত চলছে আওয়ামী লীগ কার্যালয়ে, বিএনপিতে শুনশান
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ১৯ জুলাই ময়মনসিংহে আওয়ামী লীগ ও বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে।
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ময়মনসিংহ নগরে আওয়ামী লীগ ও বিএনপি কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনার জন্য পাল্টাপাল্টি অভিযোগ করেছেন দুই দলের নেতারা।
১৯ জুলাইয়ের হামলায় ভাঙচুর হওয়া আওয়ামী লীগ কার্যালয় মেরামত শুরু হলেও মেরামতের উদ্যোগ নেয়নি বিএনপি। একাধিক মামলা হওয়ায় নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন।
আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুরের ঘটনায় মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক তামান্না ইয়াসমিন প্রিয়াঙ্কা বাদী হয়ে অজ্ঞাত ৩০০ থেকে ৩৫০ জনকে আসামি করে মামলা করেছেন।
ঘটনার দিন বিকালে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা।
মিছিলটি আঠারো বাড়ি বিল্ডিং এলাকায় গিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। সেখান থেকে কিছু নেতাকর্মী শিববাড়িতে জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে এসি, গ্লাস, সাইনবোর্ড, চেয়ার এবং টেবিল ভাঙচুর করেন বলে অভিযোগ আওয়ামী লীগ নেতাদের।
এর ঘণ্টাখানেক পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নতুন বাজার হরিকিশোর রায় রোড এলাকায় ময়মনসিংহ জেলা (দক্ষিণ) ও মহানগর বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বলে দাবি বিএনপি নেতাদের।
শুক্রবার দুপুরে বিএনপি কার্যালয় গিয়ে তালাবদ্ধ অবস্থা দেখা যায়। কিছুক্ষণ পর অফিস সহকারী এসে তালা খুলে ভেতরে প্রবেশ করেন। ভেতরে গিয়ে চেয়ার, টেবিল, পোস্টার পুড়ানোর চিত্র দেখা যায়।
অপরদিকে শিববাড়িতে জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে দেখা যায়, দুইজন শ্রমিক মেরামতের কাজ করছেন। কাজ শেষ করতে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগবে বলে এ প্রতিবেদককে জানান তারা।
বিএনপি কার্যালয়ের পাশে এক কোণায় দোকান দিয়েছিলেন বাদল মিয়া। তিনি বলেন, “নেতারা একটু জায়গা দিয়েছিল চা, বিস্কুট, সিগারেট, পান বিক্রি করার জন্য। ঘটনার দিন হামলার পাশাপাশি আমার দোকানের যা মালামাল ছিল লুট হয়ে গেছে।”
বিএনপি কার্যালয়ের অফিস সহকারী মো. জুয়েল বলেন, “পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের পর নেতাকর্মীরা কোনো খোঁজখবর নেননি। বৃহস্পতিবার আমি নিজের ইচ্ছায় অফিস দেখতে এসেছি।
“অফিসের ১৫০ থেকে ২০০ প্লাস্টিকের চেয়ার পুড়িয়ে দেওয়া হয়েছে। টেবিল, ফ্যান, মিটার এবং প্যানা ভাঙচুরের পাশাপাশি কুপিয়ে তছনছ করা হয়েছে জানালা। দ্রুত অফিস মেরামত করা প্রয়োজন।”
হরিকিশোর রায় রোডের অবসরপ্রাপ্ত শিক্ষক অখিল চন্দ্র সরকার বলেন, “দেশের এমন পরিস্থিতি আমরা কখনোই চাইনি। আমার বয়স প্রায় ৮০ বছর। এই প্রথম কোনো দলের পার্টি অফিস এমনভাবে ভাঙচুর ও অগ্নিসংযোগ হতে দেখলাম।
“কেন বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করবে; আর কেনইবা বিএনপির অফিস ভাঙচুর হবে। সুস্থ রাজনৈতিক চর্চা ছাড়া কোনোভাবেই দেশের উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়।”
ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হান্নান খান বলেন, “ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে আমাদের শুধু সমর্থন ছিল। যেদিন আমাদের পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে; সেদিন আমরা শুধু একটি মিছিল করেছি; যা শান্তিপূর্ণ ছিল।
“তবে সেখান থেকে কে বা কারা গিয়ে আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করেছে তা অবগত নই। পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে আমাদের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছেন।”
এ ঘটনার পর বিএনপি নেতাকর্মীদের নামে একাধিক মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, “আমরা আতঙ্কের মধ্যে আছি। কখন কে গ্রেপ্তার হয় বলা যাচ্ছে না। তাই অফিসের দিকে কারও মনোযোগ নেই।”
বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বলে দাবি কার্যালয়ের অফিস সহকারী মো. রিপনের।
তিনি বলেন, “হামলায় ডিজিটাল সাইনবোর্ড, দুটি এসি, গ্লাসের দরজা, চেয়ার, টেবিল ভাঙচুর করা হয়েছে। এসব মেরামতের দায়িত্ব নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। উনার নির্দেশ অনুযায়ী কাজ চলছে।”
মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক তামান্না ইয়াসমিন বলেন, “ঘটনার দিন পার্টি অফিসে বেশ কয়েকজন বসে মিটিং করছিলাম। এ সময় ১৫০ থেকে ২০০ জন মিছিল করে এসে ভাঙচুর চালায়। হামলাকারীদের একজন আমার পায়ে আঘাত করে। ন্যাক্কারজনক এ ঘটনার বিচার হওয়া প্রয়োজন।”
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ময়মনসিংহ মহানগর শাখার সম্পাদক আলী ইউসুফ বলেন, “আমরা এতোদিন জেনে আসছিলাম রাজনৈতিকভাবে ময়মনসিংহ সম্প্রতির শহর; উভয় দলের মধ্যে সহবস্থান ছিল। কিন্তু উভয়পক্ষ একে অন্যের দলীয় কার্যালয় ভাঙচুর করায় সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।
“আতঙ্ক কাজ করছে, আবার বড় ধরনের কিছু ঘটে কি-না। তবে রাজনৈতিক সংকট নিরসনে উভয় দলের নেতারা উদ্যোগী হবেন আশা করি।”
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাইন উদ্দিন বলেন, “আওয়ামী লীগের অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। দোষীদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। তবে বিএনপি কার্যালয়ে হামলার বিষয়টি আমার জানা নেই।”
