২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মৃত্যুর কাছে হেরে গেল বড় মেয়েও

১৭ বছর বয়সী সালমা আক্তার স্মৃতি শরীরে ৯০ শতাংশ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 10:52 AM

Updated : 26 Aug 2026, 05:23 PM

লক্ষ্মীপুরে এক বিএনপির নেতার ঘরে আগুনে তার আট বছরের ছোট মেয়ের মৃত্যুর পর বড় মেয়েও মৃত্যুর কাছে হার মেনেছে।

১৭ বছর বয়সী সালমা আক্তার স্মৃতি শরীরে ৯০ শতাংশ দগ্ধ নিয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। 

পরে বুধবার রাতে সেখানেই তিনি মারা যান বলে রাত ১টার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান।

স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেনের মেয়ে। 

অভিযোগ রয়েছে, ১৯ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় ‘দরজায় তালা লাগিয়ে পেট্টোল ঢেলে’ বেলালের বসতঘরে অগ্নিসংযোগ করা হয়। এতে দগ্ধ হয়ে মারা যায় বেলালের ছোট মেয়ে আয়েশা আক্তার বিনতির (৮) । পুড়ে ছাই হয়ে যায় আসবাবপত্রসহ ঘরটি।  

সালমা আক্তার স্মৃতি

সালমা আক্তার স্মৃতি

আগুনে বেলালসহ তার বড় মেয়ে স্মৃতি, মেঝো মেয়ে অষ্টম শ্রেণি পড়ুয়া সায়মা আক্তার বিথি (১৪) দগ্ধ হয়।

এর মধ্যে ৯০ শতাংশ দগ্ধ স্মৃতি ও ২ দগ্ধ শতাংশ বিথিকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে নেওয়া হয়। বেলাল লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন।

বিথিকে চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তির পরদিনই ছাড় দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন তিনি।

এর আগে মঙ্গলবার রাতে এ ঘটনায় বিএনপি নেতা বেলাল বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় মামলা করেন। ঘটনার পর থেকেই পুলিশ ঘটনাটি তদন্তে কাজ করছেন।

এদিকে ঘটনার পর জেলা পুলিশের পক্ষ থেকে দরজায় তালা ও পেট্রল ঢেলে আগুন দেওয়ার সত্যতা পাওয়া যায়নি বলে জানানো হয়। যদিও এরপর পুলিশ তদন্তে গিয়ে আগুনে পুড়ে যাওয়া ধ্বংসস্তুপে তল্লাশি চালিয়ে তিনটি তালা উদ্ধার করেছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক।

দুটি তালা লক ও একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে পেট্টোল ঢেলে আগুন লাগানোর আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। এখন চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছে৷ নিহতের বাবা বাদী হয়ে থানা মামলা করেছেন। ঘটনাটি তদন্ত চলছে।

আগের সংবাদ

বিএনপি নেতার বাড়িতে আগুন: 'তালা লাগানোর' প্রমাণ পায়নি পুলিশ

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুনে মেয়ের মৃত্যুর ৪ দিন পর মামলা