বজ্রপাতে যশোরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ৭ শিক্ষার্থী অসুস্থ
হাসপাতালের শিশু বিভাগের রেজিস্টার জানান, গাছের উপরে বজ্রপাত হয়েছে। এতে শিশুরা ভয় পেয়েছে। ভয়ের কারণে তারা অসুস্থ হয়ে পড়ে।
যশোর সদর উপজেলায় বজ্রপাতে একটি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে থাকা সাত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।
বৃহস্পতিবার দুপুরে ফতেপুর ইউনিয়নের ভায়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিরতির (টিফিনের) সময় বজ্রপাত হলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মাজিদ।
অসুস্থরা হচ্ছে- নীরব, মাহিম, জিম, লামিয়া, লামিয়া, সামিয়া ও সুমাইয়া। নয়-দশ বছর বয়সী এই শিক্ষার্থীরা সবাই ভায়না রাজপুর গ্রামের। তারা বিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রধান শিক্ষক মাজিদ জানান, দুপুরে টিফিনের সময় ওই শিক্ষার্থীরা বিদ্যালয় মাঠে মেহগনি গাছের নিচে খেলা করছিল। এ সময় বৃষ্টি শুরু হলে সঙ্গে বজ্রপাতও হয়। এতে ওই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
শিক্ষকরা তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিলে অভিভাবকরা তাদের হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের শিশু বিভাগের রেজিস্টার আফসার আলী জানান, গাছের উপরে বজ্রপাত হয়েছে। এতে শিশুরা ভয় পেয়েছে। ভয়ের কারণে তারা অসুস্থ হয়ে পড়ে।
অসুস্থদের মধ্যে পাঁচ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অপর দুইজন শুক্রবার পর্যন্ত চিকিৎসাধীন থাকবে বলেও জানান তিনি।
