রাজবাড়ীতে মাইক্রোবাসে নারীকে তুলে নিয়ে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ১
পাংশায় পরিচিত এক নারীর সঙ্গে দেখা করে কুষ্টিয়ায় ফেরার পথে কয়েকজন ব্যক্তি ভুক্তভোগীকে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় বলে জানায় পুলিশ।
রাজবাড়ীর পাংশা উপজেলা থেকে মাইক্রোবাসে এক নারীকে তুলে নিয়ে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার পরদিন মঙ্গলবার রাতে ভুক্তভোগী ওই নারী পাংশা মডেল থানায় তিনজনকে আসামি করে মামলাটি করেন বলে জানিয়েছেন পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম।
আসামিরা হলেন- পাংশা পৌর তরুণ দলের সভাপতি হাসিবুর রহমান অন্তর (৩২), রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) এবং মো. বরকত মুন্সী (৩৪)। তারা পাংশা থানার বাসিন্দা। এর মধ্যে রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার বরাতে ওসি মঈনুল ইসলাম বলেন, ভুক্তভোগী নারী (৩২) কুষ্টিয়া জেলার বাসিন্দা। সোমবার দুপুরে তিনি পাংশা উপজেলার পারনারায়নপুর এলাকায় পরিচিত এক নারীর সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে কুষ্টিয়ায় ফিরতে বিকাল সাড়ে ৪টার দিকে মৈশালা বাসস্ট্যান্ডে অবস্থান করছিলেন তিনি।
“এ সময় সাদা রঙের একটি মাইক্রোবাসে কয়েকজন ব্যক্তি এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরে গাড়িতেই ওই নারীকে তিনজন ধর্ষণ করেন। এর পর্যায়ে রাতে কুষ্টিয়া সদরের একটি নির্জন স্থানে তাকে ফেলে রেখে পালিয়ে যান তারা।”
সেখান থেকে অসুস্থ অবস্থায় ওই নারী কুষ্টিয়া সদর থানায় গেলে পুলিশ তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করায়। চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে পরদিন মঙ্গলবার পাংশা মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।
ওসি মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
