১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

নয় বছর আগে ‘গুমের শিকার’ ছেলেকে ফিরে পেতে মায়ের আহাজারি

“আমি এক অভাগা মা, গুমের শিকার হওয়া ছেলের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ৯ বছরেও বিচার পাইনি।”

নয় বছর আগে ‘গুমের শিকার’ ছেলেকে ফিরে পেতে মায়ের আহাজারি

নয় বছর আগে গুমের শিকার হওয়া ছেলেকে ফিরে পাওয়ার আকুতি রৌশন আরার।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 10:04 PM

Updated : 26 Jun 2023, 10:04 PM

নয় বছর আগে ছেলে গুমের শিকার হয়েছিলেন, সেই থেকে তাকে ফিরে পেতে আর এ ঘটনার বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছেন বলে জানালেন ফেনীর রৌশন আরা।

তার ছেলে যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনকে তুলে নেওয়া হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে, এরপর তিনি আর ফেরেননি পরিবারের সদস্যদের কাছে।

নির্যাতিতদের সমর্থনে আর্ন্তজাতিক সংহতি দিবসে সোমবার ফেনীতে ‘মায়ের ডাক’ ও ‘অধিকার’ আয়োজিত মতবিনিময়ে এসব কথা জানান তিনি।

ছেলেকে ফিরিয়ে দিতে সরকারের প্রতি তার আহাজারিতে ভারী হয়ে ওঠে ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাকক্ষ।

রৌশন আরা বলেন, “আমি এক অভাগা মা, গুমের শিকার হওয়া ছেলের বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরে ৯ বছরেও বিচার পাইনি। থানা মামলাও নেয়নি, আমার ছেলের কোনো হদিসও পায়নি।”

রিপনের মতো আর কেউ যেন গুমের শিকার না হয় তা নিশ্চিতে রাষ্ট্রকে জোরালো ভূমিকা নেওয়ার দাবি জানান তিনি।

মতবিনিময়ে সভাপতিত্ব করেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন।

মানবাধিকার সংগঠন অধিকারের ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মানবাধিকার কর্মী শেখ আশিকু্ন্নবী সজীব।

মূল প্রবন্ধে বলা হয়, “১৯৯৮ সালের ৫ অক্টোবর বাংলাদেশ জাতিসংঘের নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক সনদে অনুস্বাক্ষর করেছে। এই কনভেনশন অনুমোদনকারী প্রতিটি রাষ্ট্র তাদের জাতীয় আইনে নির্যাতনকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করতে সম্মত হয়েছে। সেই অনুযায়ী ২০১৩ সালের ২৪ অক্টোবর ‘নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) বিল ২০১৩’ জাতীয় সংসদে গৃহীত হয়। কিন্তু তারপরও আইন প্রয়োগকারী সংস্থার হেফাজতে নির্যাতন ও নির্যাতনের কারণে মৃত্যুর ঘটনা ঘটেই চলেছে।”

‘অধিকার’ ও ‘মায়ের ডাক’ অবিলম্বে নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, কনভেনশন এগেইনস্ট টর্চারের অপশনাল প্রটোকল অনুমোদন এবং ২০১৩ সালের গৃহীত নির্যাতন বিরোধী আইনের পূর্ণ বাস্তবায়নের দাবি জানায়।

সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, বাংলাদেশ ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনী শাখার সভাপতি শাহজালাল ভূইয়া, সাপ্তাহিক স্বদেশ পত্র সম্পাদক এন এন জীবন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নুর তানজিলা রহমান।

এ সময় গেরিলা মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী নসু, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এ কে এম আবদুর রহিম, সাংবাদিক এস এম ইউসুফ আলী, মফিজুর রহমান, এম ডি মোশারফ, সাহিত্য সম্পাদক ইসহাক চৌধুরীসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।