‘অরাজকতার’ চেষ্টা হচ্ছে, সজাগ থাকতে বললেন তারেক রহমান
বগুড়ায় জুলাই শহীদদের সম্মানে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনের সময় এসব কথা বলেন তারেক রহমান।
দেশে কেউ কেউ ‘অরাজকতা’ সৃষ্টির চেষ্টা করছে, সেজন্য নেতাকর্মীদের সজাগ থাকতে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি বলেছেন, “সামনের দিনগুলো আমাদের জন্য ভাল দিন নয় কিন্তু। দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে। দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা শুরু হয়েছে বা কেউ কেউ অরাজকতা করার চেষ্টা করছেন। কাজেই এগুলো সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে।”
বগুড়ায় জুলাই শহীদদের সম্মানে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধনের সময় এসব কথা বলেন তারেক রহমান।
শহীদ টিটু মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
তারেক রহমান নিজে বগুড়া-৬ আসনের প্রার্থী হলেও এদিন ভোট নিয়ে তিনি কোনো কথা বলেননি।
তিনি ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রসঙ্গ এনে বলেন, “এই যে আজকে ওসমান হাদি যে শহীদ হয়েছেন এই মানুষটি কিন্তু গণতন্ত্রের পথেই ছিলেন। এই মানুষটি কিন্তু আগামী নির্বাচনের একজন প্রার্থী ছিলেন। ঢাকা-৮ আসনে তিনি প্রার্থী ছিলেন। এটির মাধ্যমে প্রমাণিত হয়, শহীদ ওসমান হাদি নিজেও গণতন্ত্রের বা ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন। বিশ্বাস করতেন তিনি, সেকারণেই তিনি নিজেও প্রার্থী ছিলেন।
“কাজেই আজকে যদি শহীদ হাদির প্রতি, জুলাই শহীদ ও যোদ্ধাদের প্রতি, একাত্তরের শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রাখতে হয়, তাহলে আমাদের একটাই লক্ষ্য হতে হবে, দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করা, দেশের জন্য কাজ করা, দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।”
তিনি বলেন, লক্ষ্য ও উদ্দেশ্য সামনে একটাই- ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
সরকারি আজিজুল হক কলেজের ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন করে বিএনপি নেতা বলেন, “বগুড়ায় এ ধরনের আরও ২০টি করা হবে এবং ধীরে ধীরে সারাদেশে এটা করা হবে। কাজটি রাষ্ট্রের পক্ষ থেকে করতে চাই। আপাতত দলীয় পক্ষ থেকে করছি।
“ডিজিটাল এই স্মৃতিস্তম্ভ থেকে ফ্রি ইন্টারনেট কানেকশন পাওয়া যাবে। তরুণ প্রজন্ম যেহেতু ডিজিটাল অর্থাৎ ইন্টারনেটের সঙ্গে যুক্ত এবং এখানে তাদের আয়ের উৎস তাই তারা বেশি উপকৃত হবেন। সরকারি আজিজুল হক কলেজের ছাত্র-ছাত্রীরা উপকৃত হবে। এতে কর্মসংস্থানের পথ উন্মোচিত হবে।”
তারেক রহমান বলেন, “দেশের অর্ধেক নারী, তাদের শিক্ষিত করে তুলতে হবে। দেশের বেকারদের কর্মসংস্থান করতে হবে, কৃষকের উৎপাদিত পণ্যে ন্যায্যমূল্য নিশ্চিত করব।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার, বগুড়া-১ আসনের প্রার্থী কাজী রফিকুল ইসলাম, বগুড়া-৫ আসনের প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া- ৪ আসনের প্রার্থী মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম।
