২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বানের পানিতে ভাসছে লক্ষাধিক মানুষ

যমুনা নদীর পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছে পাউবো।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2024, 05:36 PM

Updated : 26 Aug 2026, 09:59 AM

টানা বর্ষণ ও ঢলে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে আবারও বাড়ছে। এ ছাড়া বাড়ছে অভ্যন্তরীণ নদ-নদীর পানিও। এতে পানিবন্দি হয়ে পড়েছেন লক্ষাধিক মানুষ।

শুক্রবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৮ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার খবর জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

নতুন করে নদ-নদীর পানি বাড়ায় চরাঞ্চল ও নিম্নাঞ্চল এলাকার বানভাসিদের থাকার জায়গা, স্যানিটেশন, বিশুদ্ধ পানি এবং খাবার সংকট দেখা দিয়েছে। বাড়িতে পানি ওঠায় মানুষজন উঁচু স্থান ও অন্যের বাড়িতে আশ্রয় নিচ্ছেন। বানভাসিদের দুর্ভোগের শেষ নেই। 

গো-চারণ ভূমি তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য ও আবাসন সংকট। সরকারিভাবে যে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে তা চাহিদার তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

চরাঞ্চল ও নিম্নাঞ্চলের তলিয়ে গেছে জমির ফসল। শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম। এমন পরিস্থিতিতে কাজিপুর, চৌহালী ও শাহজাদপুর উপজেলায় নদীতীরে ভাঙন অব্যাহত রয়েছে।

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান জানান, জেলার পাঁচটি উপজেলার ৩৪টি ইউনিয়নে ২৩ হাজার ৩০৬টি পরিবারের এক লাখ তিন হাজার ৫৯৪ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। 

বন্যাদুর্গতদের মাঝে ইতোমধ্যে ১৩৩ টন চাল, পাঁচ লাখ টাকা ও ৩০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে; এখনও এক হাজার ১৬৭ টন চাল, ২০ লাখ টাকা ও ৭০০ প্যাকেট শুকনো খাবার মজুদ আছে বলে জানান তিনি।

চলতি বন্যায় জেলা সদর, শাহজাদপুর ও চৌহালী উপজেলায় নৌকা ডুবে চারজন এবং পানিতে পড়ে চারজনের মৃত্যু হয়েছে বলে জানান ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা।

সিরাজগঞ্জ পাউবোর নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান বলেন, আজও যমুনা নদীর পানি কিছুটা বাড়তে পারে। তবে শনিবার থেকে পানি কমার সম্ভবনা রয়েছে। 

তবে চলতি মাসে এ অঞ্চলে বন্যার কোনো আশঙ্কা নেই বলে জানান পাউবোর এই কর্মকর্তা।

আরও পড়ুন:

কমছে যমুনার পানি, সিরাজগঞ্জে নদী ভাঙনরোধে সতর্ক পাউব

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, ৭৭ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ