Published : 17 Jun 2026, 03:58 PM
নওগাঁর আত্রাই উপজেলায় রেললাইনের পাশ থেকে এক কলেজ শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি স্বজনদের।
বুধবার সকালে উপজেলার শাহাগোলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান।
নিহত নেয়ামুল বাশির (৫১) রাজশাহীর বাগমারা উপজেলার নামকান দেওয়ান পাড়া গ্রামের প্রয়াত নবিবর রহমানের ছেলে। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন। নেয়ামুল জেলা শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা।
নেয়ামুলের স্ত্রী সাহিদ বেগম বলেন, “মঙ্গলবার বিকালে গ্রামের বাড়ি থেকে নওগাঁ আসছিলেন নেয়ামুল। সন্ধ্যার কিছু আগে আত্রাই রেলওয়ে স্টেশন থেকে মোবাইল ফোনে তিনি জানান এশার নামাজ নওগাঁ এসে পড়বেন।
“এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সকালে পুলিশের মাধ্যমে তার মৃত্যুর খবর জানতে পারি। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”
নেয়ামুলের ভাই মিজানুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বড় ভাইয়ের সঙ্গে তার মোবাইল ফোনে কথা হয়। এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিল। সেই অনুযায়ী আত্রাই রেলস্টেশন এলাকা থেকে একটি অটোরিকশায় তিনি নওগাঁয় ফিরছিলেন।
খুনিরা পূর্ব শত্রুতার জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে গেছে বলে অভিযোগ মিজানুরের।
আত্রাই থানার ওসি মাহাবুবুর বলেন, সকালে স্থানীয়রা রেললাইনের পাশে লাশ দেখে থানায় খবর দেয়। এরপর বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়। যেহেতু লাশ রেললাইনের পাশে ছিল, ফলে এটি রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে।
সান্তাহার রেলওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, সাদা জুব্বা-পায়জামা পরা নেয়ামুলের লাশের পাশে তার ব্যবহৃত ব্যাগটি পড়েছিল। তার হাতে ঘড়ি, জুব্বার পকেটে মোবাইল ফোন ও ব্যাগে কিছু টাকা ছিল। ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে; তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।